চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সামরিক স্থাপনায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ মার্চ) ভোরে একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত এই স্থাপনাটিতে আগুন লাগে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) এই হামলার দায় স্বীকার করেছে।
চেক কর্তৃপক্ষ ইতিমধেই ঘটনার তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ জানিয়েছে, তারা এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ আছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। অগ্নিকাণ্ডে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। এলবিট সিস্টেমস মূলত ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল ও আকাশপথের অস্ত্রের প্রধান সরবরাহকারী, যাদের সরঞ্জাম বর্তমানে গাজা ও ইরান যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
হামলার দায় স্বীকার করে ‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারা আরও লিখেছে, ইসরায়েলের সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে দাবি জানানোর সময় শেষ হয়ে গেছে; এখন থেকে তাদের ‘হত্যার সরঞ্জাম’ ধ্বংস করতে সরাসরি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এই হামলার ফলে ইউরোপে ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। চেক পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো অপরাধীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে।