লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এক দিনে দখলদার বাহিনীর ওপর রেকর্ড ৫৫টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর ইতিহাসে এক দিনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক হামলার ঘটনা। এই পরিস্থিতিকে মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
লেবানন সীমান্তের বিভিন্ন প্রান্তজুড়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা এলাকায় ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সীমান্তবর্তী অন্য এলাকাগুলোতেও সংঘাতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে লেবাননের পূর্বাঞ্চলীয় খিয়াম ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সরাসরি লড়াই চলছে। দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে বলে জানা গেছে।
লেবাননের সামগ্রিক পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। আজ রাজধানী বৈরুতে দুটি শক্তিশালী হামলার মাধ্যমে সংঘাতের এই তীব্রতা নতুন করে অনুভূত হয়েছে। পাল্টাপাল্টি হামলার এই ঘটনায় পুরো অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।