ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ন্যাটোর সদস্যদেশগুলোর অসহযোগিতায় ক্ষুব্ধ হয়ে সামরিক জোটটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেছেন। আজ বুধবার (১ এপ্রিল) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। এই জলপথ সচল রাখতে মিত্রদেশগুলোর কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মিত্ররা সেই আহ্বানে সাড়া না দেওয়ায় ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার মনে করছে না ওয়াশিংটন। ট্রাম্পের এই মন্তব্য সেই অসন্তোষেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
সাক্ষাৎকারে ইরানের সঙ্গে চলমান সংঘাতের পর যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্যপদ পুনর্বিবেচনা করবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ওহ হ্যাঁ, আমি বলব এটি পুনর্বিবেচনার ঊর্ধ্বে। আমি কখনোই ন্যাটো দ্বারা প্রভাবিত হইনি। আমি সব সময় জানতাম ওরা একটা কাগুজে বাঘ, আর পুতিনও সেটা জানেন।’
ট্রাম্প আরও বলেন, এই সামরিক জোট থেকে যুক্তরাষ্ট্রকে একবার প্রত্যাহার করে নিলে যুদ্ধ শেষে এতে পুনরায় যোগদানের কথা ভাবার কোনো প্রশ্নই আসে না। ন্যাটোর প্রতি ট্রাম্পের এই কঠোর অবস্থান এবং সরাসরি জোট ত্যাগের ইঙ্গিত সামরিক বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।