লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, লেবাননের বর্তমান পরিস্থিতি এবং সংঘাতের গতিপ্রকৃতি ভারতকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। তিনি বলেন, ‘লেবাননের শান্তি ও নিরাপত্তার সঙ্গে ভারতের গভীর স্বার্থ জড়িত। সেখানে চলমান ঘটনাপ্রবাহ অত্যন্ত উদ্বেগজনক।’
ভারতের এই উদ্বেগের পেছনে কৌশলগত ও নিরাপত্তা সংশ্লিষ্ট কারণ রয়েছে। বিশেষ করে, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে (ইউনিফিল) ভারতের একটি বড় সৈন্যদল মোতায়েন রয়েছে। সংঘাত তীব্রতর হলে সেখানে অবস্থানরত ভারতীয় সেনাদের নিরাপত্তা সরাসরি ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে জয়সওয়াল আরও জোর দিয়ে বলেন, প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে মেনে চলা বর্তমানে অপরিহার্য। উদ্ভূত পরিস্থিতির আরও অবনতি রোধ করতে তিনি সংঘাতরত পক্ষগুলোকে ধৈর্য ধরার এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চরম উত্তেজনার প্রেক্ষাপটে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এই জোরালো অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারত ঐতিহ্যগতভাবে এই অঞ্চলে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখলেও বেসামরিক মানুষের মৃত্যু এবং শান্তিরক্ষী বাহিনীর নিরাপত্তা প্রশ্নে এবার সরাসরি অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর গত বুধবার বৈরুতে ইসরায়েলের ভয়াবহ হামলায় শতাধিক মানুষ নিহত এবং সহস্রাধিক আহত হয়েছেন। পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্তে লেবাননের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন।