বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে ‘নসিহত’ এসেছে—উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, বাংলাদেশ নির্বাচন নিয়ে উপদেশ চাইছে না।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ (১৭ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের জানান, ‘বাংলাদেশে নির্বাচন কেমন হবে, সেটা নিয়ে প্রতিবেশীদের কোনো উপদেশ প্রয়োজন নেই। আমরা ইতিমধ্যেই সামনে ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি, এখন নসিহতের কোনো প্রয়োজন নেই।’
এর আগে সকালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তৌহিদ হোসেনের মতে, ভারতের সর্বশেষ বক্তব্যে যে নসিহত এসেছে, তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘গত ১৫ বছরে যে সরকার ছিল, তার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। সেই সময়ে নির্বাচনের যে প্রহসনমূলক ঘটনা ঘটেছিল, সে সময় তারা একটি শব্দও উচ্চারণ করেনি। এখন আমরা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি—এই সময়ে নসিহত দেওয়ার কোনো প্রয়োজন নেই।’
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই সরকার ডে ওয়ান থেকেই ভোটের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘আমরা এমন নির্বাচন চাই, যেখানে মানুষ ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে, তারাই নির্বাচিত হবেন। এটা গত ১৫ বছরে হয়নি।’
তৌহিদ হোসেন ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের মন্তব্যের প্রসঙ্গেও বলেন, ‘তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং তারা নির্বাচন কমিশনের সঙ্গেও সংযুক্ত। আমরা চাই তারা পর্যবেক্ষক পাঠাক। এটা ভারতের নসিহতের সঙ্গে তুলনীয় নয়।’
পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ‘ভারতের বক্তব্য এক ধরনের স্টেটমেন্ট দিয়ে আমাদের অবস্থানকে প্রভাবিত করার চেষ্টা। এই ধরনের নসিহত আমরা গ্রহণ করতে পারি না, বিশেষত গত ১৫ বছরে তাদের মনোভাবের অভাবের কারণে। হঠাৎ কেন তারা এ ধরনের দাবি তুলছে, তা আমাদের কাছে অগ্রহণযোগ্য।’