নবম জাতীয় পে-স্কেল প্রণয়নসংক্রান্ত পূর্ণ কমিশনের সভা শেষ হয়েছে। সভা শেষে কমিশন সূত্র জানিয়েছে, প্রস্তাবিত পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য উল্লেখযোগ্য হারে পেনশন বাড়ানোর সুপারিশ রাখা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে কমিশনের সভা শেষ হয়। সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে-স্কেলে বিভিন্ন স্তরের পেনশনভোগীদের জন্য ভিন্ন ভিন্ন হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
সূত্র অনুযায়ী, বর্তমানে যারা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন শতভাগ বা দ্বিগুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যাদের মাসিক পেনশন ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা, তাদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির হার ৭৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব রয়েছে। আর মাসে ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ৫৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হচ্ছে।
পেনশনভোগীদের চিকিৎসা ভাতাতেও পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এতে ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা বর্তমানে ৮ হাজার টাকা। পাশাপাশি ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
কমিশন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর এসব সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। পে-কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার পর যাচাই-বাছাই ও অনুমোদনের প্রক্রিয়া শেষে নতুন বেতন ও পেনশন কাঠামো কার্যকর হবে।
সংশ্লিষ্টদের মতে, এসব সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ কিছুটা লাঘব হবে।