বাংলাদেশ নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে বর্তমান সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরা হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের মূল নীতি হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’। সবার ওপরে থাকবে বাংলাদেশ। আমরা জাতীয় মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখব।’ ড. খলিলুর রহমান আরও জানান, এখন পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। এসব দেশ বর্তমান সরকারের প্রতি গভীর আস্থা এবং নিবিড়ভাবে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি দেশের সঙ্গে বিদ্যমান ইস্যুগুলো পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করা হবে। আগামী দিনে অত্যন্ত গতিশীল একটি বৈদেশিক নীতি পরিচালনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এখন পর্যন্ত দেশগুলোর সঙ্গে সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ আলোচনা হলেও ভবিষ্যতে সুনির্দিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করা হবে বলে তিনি জানান।