বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগে ব্রুনাইয়ের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং আকাশ যোগাযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমানের সঙ্গে সৌজন্য বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য ব্রুনাইয়ে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে। তিনি জনশক্তি সহযোগিতা আরও বিস্তৃত করার আহ্বান জানান।
দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে বাংলাদেশ ও ব্রুনাইয়ের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ (বিজনেস-টু-বিজনেস) বাড়ানো, নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার প্রস্তাবও দেন তিনি।
এ সময় ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আমের রপ্তানি আরও বাড়ানোর জন্য বাজার সুবিধা প্রদানের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ব্রুনাইয়ের হাইকমিশনার বাংলাদেশের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণে ব্রুনাই প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে উভয় পক্ষ ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ গঠনের বিষয়ে একমত হয়। এই গ্রুপ দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করবে।