ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ছাত্রশিবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সংগঠনটির এক নেতার বিরুদ্ধে।
শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলার কুশনা গ্রামের আমেরিকা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার হাসিবুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার জগদীশপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী হাসিবুল ইসলাম জানান, কোটচাঁদপুর থানা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন ও গালিব নামে আরেক ব্যক্তি তাকে ডেকে নেন। পরে এক তরুণীর সঙ্গে ফোনে কথা বলার বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি স্বীকার করার পর তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে কোটচাঁদপুর থানা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন বলেন, “আমরা নিজেদের মধ্যে বসে বিষয়টির মীমাংসা করে নিয়েছি। এখন আর কোনো সমস্যা নেই। এ বিষয়ে আর কিছু বলতে চাই না।”
অন্যদিকে, হাসিবুল ইসলামের চাচা আসাদুল ইসলাম জানান, ঘটনার পর তারা থানায় মৌখিক অভিযোগ করেছিলেন। পরে সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বিষয়টির সমাধান করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।