খুলনার সার্জিক্যাল এলাকায় গুলিবিদ্ধ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদার (৩৭) বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে আহত হন মোতালেব শিকদার। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল স্কুল এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে পাঠানো হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হারুন অর রশিদ বলেন, ‘গুলিটি তার বাম কানের চামড়া ভেদ করে বের হয়ে গেছে। সিটি ইমেজিং সেন্টারে করা স্ক্যানে গুলির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বর্তমানে আহত মোতালেব শিকদার শঙ্কামুক্ত।’
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘তিনি এখন শঙ্কামুক্ত। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’