পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
শুক্রবার (২০ মার্চ) সকালে মসজিদ প্রাঙ্গণের কাছে সমবেত হওয়া সাধারণ মানুষের ওপর টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করা হয়। এতে ঈদের আনন্দ বিষাদে রূপ নেয় এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কঠোর নিরাপত্তার অজুহাতে পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দীর্ঘ দিন ধরে ইবাদত বন্দেগিতে বিধিনিষেধ থাকলেও ঈদের দিনে নামাজ আদায়ের আশায় হাজারো মুসল্লি মসজিদ অভিমুখে যাত্রা করেন। তবে ইসরায়েলি বাহিনী তাঁদের পথরোধ করে এবং এক পর্যায়ে নামাজে বাধা দিতে শক্তি প্রয়োগ শুরু করে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রেক্ষাপটে জেরুজালেমসহ ফিলিস্তিনি এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি চরম মাত্রায় পৌঁছেছে। আজকের এই হামলার ঘটনায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে।
পবিত্র এই ধর্মীয় উৎসবে এমন সহিংসতা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।