অবরুদ্ধ হরমুজ প্রণালি সচল করতে সহযোগিতা না করায় মিত্র দেশগুলোর ওপর আবারও চরম ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুক্তরাজ্যকে লক্ষ্য করে তিনি বলেছেন, তাদের উচিত এখন ‘সাহস’ সঞ্চয় করে হরমুজ প্রণালিতে যাওয়া এবং সেখান থেকে নিজেদের প্রয়োজনীয় জ্বালানি ‘ছিনিয়ে নেওয়া’।
সোমবার (৩০ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
ইরান যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতির উল্লেখ করে ট্রাম্প সরাসরি যুক্তরাজ্যকে আক্রমণ করেন। তিনি লেখেন, ‘যুক্তরাজ্যের মতো যেসব দেশ ইরানের শাসনব্যবস্থা নির্মূল করার লড়াইয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে অস্বীকার করেছিল এবং এখন হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না, তাদের জন্য আমার একটি পরামর্শ আছে। প্রথমত, আপনারা যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনুন, আমাদের প্রচুর আছে। আর দ্বিতীয়ত, কিছুটা সাহস সঞ্চয় করুন, হরমুজে যান এবং আপনাদের যা প্রয়োজন তা ছিনিয়ে নিন।’
ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে মিত্র দেশগুলোকে নিজেদের লড়াই নিজেদেরই লড়তে শিখতে হবে। তিনি সাফ জানিয়ে দেন, ‘যুক্তরাষ্ট্র আর আপনাদের সাহায্য করতে সেখানে থাকবে না, ঠিক যেভাবে আপনারা আমাদের প্রয়োজনে পাশে ছিলেন না।’ মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরান এরই মধ্যে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং যুদ্ধের ‘কঠিন অংশ’ পার হয়ে গেছে। তাই মিত্রদের প্রতি তাঁর সোজাসাপ্টা পরামর্শ—‘এখন যান, নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন!’
উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবাহিত হয় ইরানের নিয়ন্ত্রণে থাকা এই হরমুজ প্রণালি দিয়ে। সাম্প্রতিক সংঘাতের জেরে এই জলপথে চলাচল সীমিত হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং বহু দেশ চরম সংকটের মুখে পড়েছে। ট্রাম্পের এমন মন্তব্যকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নজিরবিহীন এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এক বড় ধরনের ফাটল হিসেবে দেখা হচ্ছে।